বাঁকুড়ার লোকালয়ে বুনো হাতি, এলাকায় আতঙ্ক
দি নিউজ লায়নঃ - সাত সকালেই গ্রামের রাস্তায় দুলকি চালে হেঁটে চলেছে গজরাজ। বিষয়টি নজরে পড়তেই আঁতকে উঠলেন গ্রামের মানুষ। এরপর দীর্ঘ সময় ধরে কখনো গজরাজকে দেখা যায় গ্রামের ফাঁকা রাস্তাত পায়চারি করতে তো কখনো আবার গ্রামের পাশে থাকা ঝোপঝাড়ে দাঁড়িয়ে থাকতে। গজরাজের এমন শান্ত চেহারায় ভরসা করে আতঙ্ক কাটিয়ে গ্রামবাসীরা কিছুক্ষন পর বেরিয়ে আসেন বাড়ি থেকে।
পরে বন কর্মী ও স্থানীয় বাসিন্দাদের তাড়া খেয়ে যে পথে এসেছিল সেই পথেই ফের জঙ্গলে ফিরে যায় গজরাজ। আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দপুর থানার পাথরাকাটা গ্রামে। বাঁকুড়ার বিস্তীর্ন এলাকায় হাতির উৎপাত থাকলেও ইন্দপুর এলাকায় এর আগে হাতি সেভাবে প্রবেশ করেনি।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে এই হাতিটি এল কোথা থেকে? বন দফতরের আশঙ্কা দলমার দাঁতাল দল থেকে দলছুট হয়ে খাবারের সন্ধানে হাতিটি কোনোভাবে লোকালয়ের মধ্যে এসে পড়তে পারে। দলছুট হাতিটিকে দলে ফিরিয়ে দেওয়ার সবরকম চেষ্টা করা হবে বলে জানিয়েছে বন দফতর।

Post a Comment